মোঃ মকবুলার রহমান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার পৌরসভায় অটোরিকশা চলাচল ও পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, পুলিশ এবং পরিবহন সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, ওসি (তদন্ত), পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ অটোরিকশা, ভ্যান ও রিকশা চালকরা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে অটোরিকশার জন্য নাম্বার প্লেট বিতরণ করা হবে। নির্ধারিত স্থানগুলো হলো— পাট গোডাউন, শালকী ব্রিজের উত্তর পাশ, বাটার মোড়, বানোয়ারীর মোড়, আরডিআরএস সংলগ্ন নতুন ওয়াটার পার্ক এলাকা এবং চান্দিনাপাড়া।
এছাড়া শহরের যানজট নিরসনে অটোরিকশা চালকদের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালকরা সম্মতি দিয়েছেন যে, তারা আর দোকানের সামনে বা গুরুত্বপূর্ণ স্থানে এলোমেলোভাবে অটো পার্কিং করবেন না। বরং নির্ধারিত স্থানেই যানবাহন রাখবেন।
সিদ্ধান্ত অনুযায়ী— দেবীগঞ্জ, বোদা থেকে আসা অটোরিকশাগুলো পাট গোডাউনের পাশে, চিলাহাটি থেকে আসা অটো শালকী ব্রিজ এলাকায়, নীলফামারী ও ধরনীগঞ্জ থেকে আসা অটো বাটার মোড়ে এবং ডিমলা, জলঢাকা, আমবাড়ী, গোমনাতী ও পাঙ্গা থেকে আসা অটো বানোয়ারীর মোড়ে অবস্থান করবে। একই নিয়ম রিকশা ও ভ্যান চালকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সভায় বক্তারা বলেন, ডোমার শহর সবার, তাই শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় অটোরিকশা চালকদের প্রতি নির্ধারিত পৌর কর নিয়মিত পরিশোধ করারও নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সবাই নতুন এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়দের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে ডোমার শহরের যানজট অনেকাংশে কমবে এবং চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে।

