শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জ জেলায় ধেয়ে আসছে আকস্মিক বন্যা। উজান থেকে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পূর্বাভাসে তলিয়ে যেতে পারে কৃষকের স্বপ্নের বোরো ফসল। এই দুর্যোগ মোকাবিলায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে মাঠের অন্তত ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয়-আসামে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৪-২৬ এপ্রিল: হালকা থেকে মাঝারি বৃষ্টি।
২৭ এপ্রিল: মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।
২৮-৩০ এপ্রিল: অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।
বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও, মেঘালয়ের পাহাড়ি ঢলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভোগাই-কংসসহ প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, ২৮ এপ্রিলের পর অনেক স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে ফসলি জমিতে ঢুকে পড়তে পারে।
”ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের অনুরোধ করা হচ্ছে—মাঠের ধান ৮০ শতাংশ পেকে গেলেই কালক্ষেপণ না করে দ্রুত ঘরে তুলুন।”
আকস্মিক বন্যার ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ও পাউবো কৃষকদের সম্মিলিতভাবে ধান কাটার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে হারভেস্টার মেশিন ও বাড়তি শ্রমিক নিয়োগ করে নির্ধারিত সময়ের আগেই ফসল নিরাপদে সরিয়ে নিতে বলা হয়েছে।
প্রকৃতি ও ফসলের সুরক্ষায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।

