শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে ধান কাটতে গিয়ে সুজিত বৈষ্ণব (২১) নামে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে ফেরার সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৫ ঘণ্টা অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের হরকুমার বৈষ্ণবের ছেলে সুজিত বৈষ্ণব গত কয়েকদিন আগে নিজ গ্রামের ১০-১৫ জনের একটি দলের সাথে ধান কাটার জন্য দিরাই থানার তাড়ল ইউনিয়নে যান। বৃহস্পতিবার সারাদিন কাজ শেষে সন্ধ্যায় দলের অন্য সদস্যরা ঘরে ফিরলেও সুজিত ফেরেননি।
তার সঙ্গীরা জানান, দীর্ঘ সময় পার হয়ে গেলেও সুজিত না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জানা যায়, কাজ শেষ করে শৌচকর্মের কথা বলে তিনি দলের আড়াল হয়েছিলেন। অনেক সময় অতিবাহিত হওয়ার পর সঙ্গীরা তাকে খুঁজতে বের হন। তল্লাশিকালে যে জায়গায় তিনি বসেছিলেন, সেখানে তার সাথে থাকা ধানের আঁটি নেওয়ার খাঁচাটি পড়ে থাকতে দেখা গেলেও সুজিত বা তার কাস্তের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার পর থেকে গত ২৫ ঘণ্টা ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় তার গ্রামের বাড়ি ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

