রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় ভটভটি উল্টে জামিনা (৩০) নামের এক নারী নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার মিরাট ইউনিয়নের কৌনজ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন সকালে হরিশপুর গ্রাম থেকে ৮-১০ জন নির্মাণ শ্রমিক একটি ভটভটিতে চড়ে রাণীনগরের উদ্দেশ্যে রওনা হন। কৌনজ বাজার এলাকায় পৌঁছানোর পর হঠাৎ যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন একাধিক শ্রমিক।
নিহত জামিনা হরিশপুর গ্রামের কমলার স্ত্রী। আহতরাও একই গ্রামের বাসিন্দা। তারা হলেন — মো. নয়ন (৩২), মো. শামীম (৩০), মো. তারেক (২৮), মো. জাবেদ মিনা (৩২), মো. আলামিন (৩০) ও মো. আব্দুল লতিফ (২৮)।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং আহতদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিনাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল জানান, ভটভটি উল্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

