রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে অটোভ্যান চালক জাহের আকন্দের হত্যাকারীদের গ্রেপ্তাতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে শত শত নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লিফলেট হাতে দাঁড়িয়ে খুনিদের গ্রেপ্তাতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এতে বক্তব্য রাখেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী মন্ডল, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, রায়গঞ্জ-সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলী আকন্দ , অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা হেলাল উদ্দিন, ঘুড়কা ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিন শেখ।
এ সময় বক্তারা জাহের আকন্দের হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে ঢাকা -রংপুর মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি দেয়া হবে বলে কঠোর হুঁশিয়ার দেন।
গত ২০ এপ্রিল রাতে সলংগা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে নিহত জাহের আলী আকন্দ তার অটোভ্যান নিয়ে ভাড়া মারতে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে ঘুড়কা ইউনিয়ন কালিকাপুর ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। নিশংস হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তাতার করতে পারেনি পুলিশ।

