মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা ব্যাপাড়ী পাড়া জামে মসজিদে নলকূপ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। ঘটনাটি ঘটে গত রাতে (২৮ এপ্রিল ২০২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি একই ইউনিয়নের সীচা মন্ডলপাড়ায়। সে প্রথমে বাবার কাছে চট্টগ্রাম যাওয়ার কথা বলে প্রায় ৪,০০০ টাকার টিন বিক্রি করে এবং নগদ আরও ১,০০০ টাকা নেয়। পরে গতকাল সকালে কাজের কথা বলে বাবার কাছ থেকে আরও ১০,০০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, জুয়া খেলে টাকা হারানোর পর পুনরায় জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে সে চুরির চেষ্টা করে। এ সময় মসজিদের নলকূপ খুলে নেওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং পরে হাতেনাতে ধরা পড়ে।
ঘটনার খবর পেয়ে অভিযুক্তের বাবা সেখানে উপস্থিত হন। বংশের মানসম্মান নষ্ট হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই ছেলেকে শাস্তি দিতে শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এসে তাকে বাবার হাত থেকে উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

