স্টাফ রিপোর্টার কামরুল হাসান শরিফ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে ঢাকার সাভারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে এ আয়োজন করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ট্যানারির শ্রমিকরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সমবেত হন। পরে শ্রমিকদের অংশগ্রহণে একটি র্যালি শিল্পনগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা ট্যানারি মালিকদের প্রতি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রম আইন বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।
এদিকে মহান মে দিবস উপলক্ষে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

