আতিকুর রহমান
উপজেলা প্রতিনিধি, আলীকদম, বান্দরবান।
আজ রবিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরি। হাম রোগীদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চিকিৎসাসেবার খোঁজখবর নিতে তিনি এ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তিনি হাম আক্রান্ত রোগীসহ অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়ে খোঁজ নেন। এ সময় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ, ম্রো কল্যাণ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আলীকদমের স্থানীয় প্রতিনিধি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এমপি সাচিং প্রু জেরি বলেন, ভবিষ্যতে হামের মতো দুরারোগ্য রোগ মোকাবিলায় দুর্গম এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন এবং স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হামে আক্রান্ত রোগীদের সার্বিক সেবায় যারা নিরলসভাবে কাজ করছেন—বিশেষ করে আলীকদম সেনাজোন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ—তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি মানবসেবামূলক এ ধরনের কার্যক্রমে সবাইকে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।

