রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পরিচালনা করা বিশেষ অভিযানে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মাসদাইর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনার স্থানে থাকা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানিয়েছে, উদ্ধার করা অবৈধ অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর এই ধারাবাহিক আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

