রেজাউল মোস্তফা, চট্টগ্রাম:
চট্টগ্রামের আকবর শাহ থানাধীন ঐতিহ্যবাহী উত্তর কাট্টলী ১০ নম্বর ওয়ার্ডে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়র বাড়ি সমাজ কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এলাকার সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি তাদের যাত্রা শুরু করল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলহাজ্ব মোহাম্মদ সারওয়ার আলম। তার বক্তব্যে তিনি সমাজের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং নতুন কমিটির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মেয়র আলহাজ্ব এম মনজুর আলম। তিনি তার মূল্যবান বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা এবং জনগণের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি শক্তিশালী সমাজ গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়কর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহবুব রশিদ, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, আলহাজ্ব নেছার আহমেদ, নুরুর রশিদ, আব্দুস সোবহান, এবং ইদ্রিস মিয়া। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
নতুন এই কমিটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, এবং অন্যান্য সামাজিক প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

