সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধের প্রতিবাদ ও দ্রুত পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া চৌরাস্তায় স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সিএনজি চালকরা বলেন, এই রাস্তায় জনদুর্ভোগের শেষ নেই। কয়েক মাস ধরে যাত্রী নামিয়ে দিয়ে, লোকজন দিয়ে ধাক্কা দিয়ে গাড়ি পারাপার করতে হচ্ছে। টাঙ্গাইলের কয়েকটি উপজেলার মানুষ এই সড়ক দিয়ে ভালুকা ও ময়মনসিংহে যাতায়াত করেন। সংস্কার কাজ বন্ধ থাকায় আমাদের কষ্ট আরও বেড়ে গেছে।
জানা যায়, গতকাল (৫ অক্টোবর) রবিবার লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল নিজস্ব অর্থায়নে ওই সড়কের সংস্কার কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নোটিশ দিয়ে কাজটি বন্ধ করে দেয়। এতে সড়ক ব্যবহারকারী এলাকাবাসী, গাড়িচালক ও পথচারীদের মাঝে হতাশা বিরাজ করছে।
জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু করার দাবি জানান স্থানীয়রা।
উল্লেখ্য, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের উদ্যোগে সম্প্রতি সখীপুর-কচুয়া সড়কের মিলপাড়, সখীপুর-গোড়াই সড়কের হাসপাতাল গেইট, শালগ্রামপুরসহ বেশ কয়েকটি সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। তার ধারাবাহিকতায় কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজও শুরু হয়েছিল।

