ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজাপুর উপজেলার গালুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মইন ফিরোজী প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সাবরিনা সামাদ ফিরোজী।
রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্টের সহযোগিতায় ডা. আব্দুল হাকিম আকন স্মরণে আয়োজিত এ দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বাথজনিত ব্যাধি ও ব্যথায় আক্রান্ত ৪০০-র বেশি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি সকল রোগীকেই বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। কাঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় রোগীদের এ চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন—বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. রিনা ফেরদৌস, বরিশাল মেডিকেল কলেজের রিউমাটোলজি বিশেষজ্ঞ ডা. ফাহাদ, ডা. তৌফিক এলাহী, ট্রাস্টের সেক্রেটারি ডা. পিযুস বিশ্বাস, ডা. বর্ষা ইসলামসহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মডার্ন ওয়ান স্টপ আর্থ্রাইটিস কেয়ার অ্যান্ড সেন্টারের মোট ১৪ জন চিকিৎসক।
এছাড়া নার্স, ফার্মাসিস্ট এবং ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ মোট ৩৩ জনের মেডিকেল টিম ক্যাম্পজুড়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
শেষে ক্যাম্প আয়োজকরা জানান, দরিদ্র রোগীদের জন্য এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

