জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে ছুরিকাঘাতে নিহত স্কুল ছাত্র জিহাদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে সাধারন শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে
রবিবার(১১ জানুয়ারি) সকালে নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে গহের পাড়ার সর্বস্তরের জনগন ও নারিকেলী উচ্চ বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। এ সময় প্রায় দেড় ঘন্টা গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরুদ্ধ থাকায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নিয়ে নিহত জিহাদের মা বলেন- “মুন্না ও সাইদ আমার ছেলেকে মারছে। আমি তাদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
নিহত জিহাদের চাচাতো ভাই সাকিব বলেন – “আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এসময় বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন- “আমরা দ্রুত সময়ের মধ্যে জিহাদ হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।”
খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
উল্লেখ, গত বুধবার সন্ধ্যায় নারিকেলী এলাকায় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখার আয়োজনে কথা কাটাকাটির জের ধরে জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মুন্না, সাইদ ও সহযোগীরা । পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিহাদের মৃত্যু হয়।ঘটনার পর দিন বৃহস্পতিবার তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

