মোঃ মাসুদ রানা গুরুদাসপুর নাটোর , নাটোর:
নাটোরের গুরুদাসপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মোঃ মাসুদ রানা প্রামাণিক। এ উপলক্ষে উপজেলা জুড়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা সমবেত হয়ে তাকে প্রার্থী ঘোষণা করেন। পরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি থানা মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদল (ঢাকা) কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক সদস্য মো. আব্দুল আলিম প্রামাণিক, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস, গুরুদাসপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাফিউল ইসলাম অপু, ছাত্রনেতা মোসারোফ প্রামাণিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আনাচ আলী আসলামসহ নেতাকর্মীরা প্রায় ৫০টি মাইক্রোবাস নিয়ে শোডাউনে অংশ নেন।
প্রার্থী ঘোষণার পর সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে মাসুদ রানা প্রামাণিককে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

