স্টাফ রিপোর্টার, বরগুনা:
বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালির তবক থেকে রায়ের তবক হাই স্কুল (সাইক্লোন সেন্টার) পর্যন্ত সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজটি সঠিকভাবে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
জানা যায়, “Bushbunia UZR – Rayetabak H/S Road” নামের এই সড়কটির (কোড: ৫০৪২৮৪০৫৪) সংস্কার কাজে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হাতবদল হয়েছে। ফলে মূল কাজ বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে মাটি ভরাটের বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো মাটির কাজ করা হয়নি। এছাড়া এজিংয়ে ব্যবহৃত ইট নিম্নমানের হওয়ায় বর্ষা মৌসুমে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগ রয়েছে, সিডিউল অনুযায়ী উন্নতমানের পিচ ও পাথর ব্যবহার না করে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। পিচের স্তরও নির্ধারিত পুরুত্বের তুলনায় অনেক কম দেওয়া হয়েছে। পুরাতন কার্পেটিং না তুলে তার ওপর পাতলা করে পিচ ঢালাই করায় সড়কটি দ্রুত নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া প্রকল্প তদারকিতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের উপস্থিতি ছিল অনিয়মিত। এতে করে ঠিকাদার ইচ্ছামতো কাজ করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সড়কের কালভার্ট নির্মাণেও নির্ধারিত পরিমাণ রড ব্যবহার না করার অভিযোগ রয়েছে, যা ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশার পর সড়কটি সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী ছিলেন। তবে নিম্নমানের কাজের কারণে তাদের সেই আশায় ভাটা পড়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতির বিষয় উঠে এসেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী দ্রুত তদন্ত করে সঠিকভাবে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

