মুন্সিগঞ্জে প্রতিনিধি
মুন্সীগঞ্জে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা উপকরণ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। ঢাক-ঢোল, পালকি, ঢেঁকি ও কুলাসহ বিভিন্ন লোকজ উপাদানে সজ্জিত মঙ্গল শোভাযাত্রা ছিল এ আয়োজনের প্রধান আকর্ষণ।
মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রার সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতির নানা উপস্থাপনা দর্শনার্থীদের আকৃষ্ট করে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক একে এম ইরাদত মানুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৈশাখের এই আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।

