মোঃ মোকলেছুর রহমান বাবু
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে ডিবির একটি আভিযানিক দল কিশোরগঞ্জ থানাধীন ৩নং নিতাই ইউনিয়নের কাচারীবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আকতারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে সাদা চেক লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পুরিয়া হেরোইন (ওজন ১.৯০ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

