নীলফামারী প্রতিনিধিঃ মো: মোকলেছুর রহমান বাবু
হাম ও রুবেলা রোগ প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে সচেতনতামূলক ক্যাম্পেইন জোরদার করা হয়েছে। এ উপলক্ষে জেলার সিভিল সার্জনের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন জানান, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ রোগ প্রতিরোধে নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকার আওতায় আনার বিকল্প নেই। তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং জনগণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে সহযোগিতার আশ্বাস দেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও টিকাকেন্দ্রে এই কার্যক্রম চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

