মোঃ মকবুলার রহমান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে ডোমার উপজেলা প্রশাসন নিয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শিক্ষকদের পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে সহায়তা দিতে সীমিত পরিসরে বিশেষ জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ডোমার উপজেলার নির্ধারিত একটি ফিলিং স্টেশন থেকে শুধুমাত্র শিক্ষক ও জরুরি সেবাকর্মীদের মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এ উদ্যোগের লক্ষ্য হলো—পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের যাতায়াত সহজ করা।
এই বিশেষ সেবা গ্রহণের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ও সেবাকর্মীদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। ফিলিং স্টেশনে দায়িত্বরত ট্যাগ অফিসারের কাছে সেই প্রত্যয়নপত্র প্রদর্শন করে জ্বালানি নিতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছেই জ্বালানি সরবরাহ করা হবে, অন্য কাউকে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষাব্যবস্থা ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে এসএসসি পরীক্ষা চলাকালীন শিক্ষকদের সময়মতো কেন্দ্রে উপস্থিতি এবং হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক ও জরুরি সেবায় নিয়োজিত সকলকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে শৃঙ্খলার সাথে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সেবাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

