মোঃ মাহফুজুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধি
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ সুমি রানী (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের জোর পুকুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুমি রানীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এবং তার কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবি।
বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

