আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে ৩৯ জনকে মনোনীত করা হয়েছে।
আজ ৭ মে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ ফেব্রুয়ারি/২০২৬ এর অংশ হিসেবে গত ১৫ থেকে ১৭ এপ্রিল, ২০২৬ তারিখ মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৪১০ জন প্রার্থী। তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য মোট ৫১৪ জন প্রার্থী গত ২৭ এপ্রিল, ২০২৬ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ মে, ২০২৬ তারিখ লিখিত পরীক্ষায় কৃতকার্য ৯৫ জন প্রার্থীর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে ৩৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়াও ০৮ জন প্রার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্য নিয়োগ বোর্ডের সভাপতি জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ( পিপিএম) বলেন, যারা আজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হয়েছেন। তাই নির্বাচিত সকলেই আগামীতে বাংলাদেশ পুলিশের সদস্য হয়ে দেশের জন্য নি:স্বার্থভাবে কাজ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি যেসকল প্রার্থী উত্তীর্ণ হতে পারেন নি, তাদের জন্যও শুভকামনা জানিয়ে আগামীতে আরও ভালো করে প্রস্তুতি নেয়ার আহবান জানান।
ফলাফল ঘোষণা হলে নির্বাচিত প্রার্থীদের আনন্দে আবেগাপ্লুত হতে দেখা যায়। সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে এসেও কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় অনেকেই অশ্রু ধরে রাখতে পারেন নি। বিনা তদবিরে ও শুধু আবেদন ফি দিয়ে চাকুরীর সুযোগ পাওয়ায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

