রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ |
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ মো. পলাশ হোসেন আকাশ (৩২) নামে একজনকে আটক করেছে র্যাব-১১। শনিবার (৯ মে) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত পলাশ হোসেন আকাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া (শিবু মার্কেট) এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।
র্যাব জানায়, শনিবার রাতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল ফতুল্লা এলাকায় টহল ডিউটি করার সময় গোপন সূত্রে খবর পায় যে, সস্তাপুর এলাকায় এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রয় বা নিরাপদ স্থানে রাখার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছিল। এসব অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার ও আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

