স্টাফ রিপোর্টার,মোঃ মাহাবুল ইসলাম মুন্না:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেট বাজার এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াত নেতা ও গোদাগাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান।
তিনি অভিযোগ করেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ” এর নামে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ বৈধ মালিকানাধীন দোকানপাট ভেঙে ফেলেছে। ক্ষতিগ্রস্তদের জমির বিপরীতে বৈধ RS ও BDS রেকর্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, কোনো প্রকার বৈধ নোটিশ, অধিগ্রহণ প্রক্রিয়া কিংবা ক্ষতিপূরণ ছাড়াই এ ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকারের পরিপন্থী। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সাধারণ মানুষের বৈধ সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

