মো ওমর খান সানি তাড়াইল উপজেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের তাড়াইলে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা সম্পন্ন হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার এর সভাপতিত্বে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ড. মফিজুল ইসলাম।
তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বক্তারা আধুনিক কৃষির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন আনা সম্ভব। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা প্রবর্তনের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা শাসসুল আলম, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

