সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব, অস্ত্র ও প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ মে ২০২৬, রাত ০০৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/২-এস হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপাড়া গ্রাম নামক এলাকায় তল্লাশী চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ০১টি মূর্তি (ভাঙ্গা অংশ) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রত্নবস্তু কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘‘পুরাকীর্তি সংরক্ষিত আইন’’ অনুযায়ী দেশ ও জাতির প্রাচীন ইতিহাস-ঐতিহ্য বহন করে এ জাতীয় সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্ব সরকার তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপর ন্যস্ত।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তির সিজার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় কষ্টিপাথরের মূর্তির মূল্য অসীম ও অপরিমেয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর এ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।

