হবিগঞ্জ প্রতিনিধি: চুনারুঘাট থানার রাজার বাজার এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, এই বাজারজুড়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা, যেখানে দিন-রাত সমান তালে বিক্রি হচ্ছে ইয়াবা, বাংলা মদ ও গাঁজা।
স্থানীয়রা জানান, নদীর পূর্ব পাড়ের মহদিরকোণা গ্রামের বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও বেশ কয়েকজন স্থানীয় যুবক রাজার বাজারে প্রকাশ্য মাদক ব্যবসা করায় মাদকসেবীদের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এতে সুশীল সমাজ ও সাধারণ জনগণের মধ্যে স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে রাজার বাজারসহ আশপাশের এলাকার কিশোর ও শিক্ষার্থীরা মাদকের ভয়াবহ ঝুঁকিতে পড়বে।
চুনারুঘাট থানার আওতাধিন রাজার বাজার অঞ্চলকে মাদক মুক্ত করে ইয়াবা আসক্ত সন্তানদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্থানীয়রা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

