রবিউল আলম – দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “সম্পৃক্ত পরিবেশ গড়ি, গাছ রোপণ করে পৃথিবী জয় করি” এবং “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ৩৩ নম্বর চরকাটারী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এ সময় শিক্ষার্থীরা উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।
রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী ইসমাইল হোসেন নিক্সন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রউফ সাদেক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে রাসেল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. রবিউল আলম, সদস্য আরিফুল ইসলাম, মো. আমিনুর রহমান, এনায়েত রহমান, মো. উজ্জ্বল হোসেন,কাউছার হোসেন এবং আব্দুস সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা বলেন, দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রাইট টক বাংলাদেশের নেতৃবৃন্দ আরও জানান, সংগঠনের এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বৃক্ষরোপণ ও পরিচর্যায় অংশ নেওয়ার আহ্বানও জানান তারা।

