মোঃ নাছির উদ্দীন – দীঘিনালা খাগড়াছড়ি
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীঘিনালা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ জুলাই ৩নং কবাখালি ইউনিয়ন দিঘীনলা জোন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় জনগণের মাঝে মোট ২৬০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় দিঘীনালা জোনের উপ – অধিনায়ক মেজর মো:রুশাদ পি এস সি বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
কর্মসূচিতে স্থানীয়, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

