বিশেষ প্রতিবেদন:
ঠাকুরগাঁওয়ের নদী, সবুজ প্রান্তর আর মেহনতি মানুষের স্নেহচ্ছায়ায় যে রাজনীতিকের পথচলা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তিনি আজ দাঁড়িয়ে জাতীয় রাজনীতির সর্বোচ্চ শিখরে। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এই সম্ভাবনা ও গুঞ্জনকে কেন্দ্র করে এখন সীমান্তঘেঁষা উত্তর জনপদে বইছে এক অভূতপূর্ব আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার। শহর থেকে গ্রাম, চায়ের দোকান থেকে রাজপথ—সবখানেই এখন নতুন ইতিহাসের অধীর অপেক্ষা।
শিক্ষাজীবন ও রাজনীতির শৈশব ঠাকুরগাঁওয়ের প্রথিতযশা পরিবারে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাজীবনের বড় একটি অংশ কেটেছে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি অধ্যাপনাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। শিক্ষা ও মেধার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর ব্যক্তিসত্তা তরুণ বয়স থেকেই ছিল সমাজমুখী।
অধ্যাপনা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়ার পর মির্জা ফখরুলের মূল ভিত্তি গড়ে ওঠে ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষকে কেন্দ্র করে। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে তাঁর স্থানীয় সরকারের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা পরবর্তীতে তাঁকে জাতীয় রাজনীতিতে এক নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করে।
তৃণমূল থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু
সংসদ সদস্য ও তৎকালীন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে ঠাকুরগাঁওয়ের কৃষি, অবকাঠামো এবং সামাজিক উন্নয়নে তিনি রেখেছিলেন প্রত্যক্ষ অবদান।
তবে তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আসে বিএনপির মহাসচিব পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। দেশের রাজনৈতিক সংকটের ক্রান্তিকালে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, আইনি ও রাজপথের লড়াই সামাল দেওয়া এবং সহনশীল রাজনীতির পরিচায়ক হিসেবে তিনি জাতীয় নেতা হিসেবে সর্বজনগ্রাহ্য ভাবমূর্তি গড়ে তোলেন।
বহু ত্যাগ, কারাবাস আর রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি উত্তরবঙ্গের সীমানা ছাড়িয়ে সমগ্র বাংলাদেশের এক অন্যতম শীর্ষ অভিভাবক। উচ্ছ্বাসে ভাসছে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত হতে যাচ্ছেন—এমন সম্ভাবনায় ঠাকুরগাঁওজুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। স্থানীয় বাসিন্দাদের মতে, এটি কেবল একজন ব্যক্তির অর্জন নয়; বরং অবহেলিত উত্তরবঙ্গের জন্য একটি বিরাট সম্মান ও স্বীকৃতি।
ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ আশা করছেন, এই নতুন অধ্যায়ের সূচনা অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং তরুণ সমাজের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে।
ইতিহাসের এক নতুন মোড়ে দাঁড়িয়ে আজ ঠাকুরগাঁও। অতীত সংগ্রামের পথ পেরিয়ে বঙ্গভবনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা এই জনপদের মানুষকে দেখাচ্ছে এক নতুন ভোরের স্বপ্ন—যেখানে যোগ্য নেতৃত্বের ছোঁয়ায় ঠাকুরগাঁও হবে দেশের অন্যতম সমৃদ্ধ ও গর্বিত এক জেলা।

