মোঃ নাছির উদ্দীন – দীঘিনালা খাগড়াছড়ি
আকাশজুড়ে বৃষ্টি, তবুও থামেনি পদযাত্রা। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় রাস্তায় নেমেছে পুলিশ ও স্থানীয় মানুষ।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাবুছড়া পুলিশ ফাঁড়ি থেকে এ মাদকবিরোধী র্যালি বের হয়। দীঘিনালা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
র্যালিতে দীঘিনালা থানার এসআই রাজিব শেখ, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবাইদুল্লাহ, বিএনপির স্থানীয় নেতাকর্মী, দীঘিনালা থানা ও বাবুছড়া পুলিশ ফাঁড়ির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বৃষ্টির মধ্যেই সড়কে হাঁটেন অংশগ্রহণকারীরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতার বার্তা তুলে ধরেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। আগে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। পরিবার ও সমাজ থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে অপরাধীদের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। মাদক সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।
র্যালিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বলেন, সাধারণত বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বের হতে চায় না। কিন্তু মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বৃষ্টির মধ্যেও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ ইতিবাচক বার্তা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন উদ্যোগ নিয়মিত হলে মানুষ আরও সচেতন হবে। তবে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদেরও দায়িত্ব নিতে হবে।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জনসম্পৃক্ততা বাড়িয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

