রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধন শেষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় সরকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদের আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ, স্কাউট, ভয়েস দল ও গার্লস দলের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্বরে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, “আমাদের সবাইকে প্রত্যেক প্রতিষ্ঠান ও বাড়িঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা-আবর্জনা জমতে দেওয়া যাবে না। সবাই সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”
এ সময় চকমিরপুর ইউনিয়ন পরিষদের আনসার বাহিনীর সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ ভূমিকা রাখেন।
সচেতনতামূলক এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

