সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম-এর উদ্যোগে আজ ৯ তারিখ উপজেলার ২নং মেদোয়ারী ইউনিয়নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকার সর্বসাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন আলহাজ্ব মোর্শেদ আলম। একইসাথে, তিনি জনগণের কল্যাণে বিএনপির অঙ্গীকার ও চলমান সংস্কারধর্মী রাজনৈতিক কর্মসূচি, বিশেষ করে ৩১ দফার গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।
এই উঠান বৈঠকের মাধ্যমে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র মেরামতের এই গুরুত্বপূর্ণ রূপরেখাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে বলে জানা যায়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, যার প্রচার অব্যাহত থাকবে।

