শেখ আহাম্মেদ চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকা থেকে বার্মা সাইফুলের সহযোগী মো. ইসমাইল হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে খ্রিস্টান কবরস্থানের পাশে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইসমাইলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন ধরে ইসমাইল হোসেন পাঁচলাইশ এলাকায় ভূমিদখল, সন্ত্রাসী কার্যক্রম এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলাসহ মোট ৫টি মামলা এবং ৪টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
এদিকে, এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটায় রাঙ্গুনিয়া উপজেলার বালুর ঘাটা এলাকায় পৃথক একটি অভিযানে একটি এলজি উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

