মোহাম্মদ ওসমান:
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে হঠাৎ করে জাহাজটিতে আগুন ধরে যায়।
ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম গণমাধ্যমকে জানান, আগুন নেভানোর কাজ চলমান রয়েছে এবং এতে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য নৌ চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

