মাজেদুল ইসলাম স্বপন, জলঢাকা নীলফামারিঃ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নীলফামারীর জলঢাকায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে কেন্দ্রীয় থানা কালীবাড়ি প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও ঢোল-করতালের তালে তালে ভক্তরা অংশ নেন। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন জলঢাকার সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারওয়ার রাব্বি, থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ভূপতি ভূষণ, সদস্য সচিব প্রদীপ রায় এবং হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার প্রমুখ।
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা সত্য, ন্যায় ও মানবকল্যাণে ব্রতী হতে সবাইকে অনুপ্রাণিত করে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও ভক্ত মিলন, উপজেলা শাখা, জলঢাকা, নীলফামারীর উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

