আল-আমিন, বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় শেরপুর জেলার নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, নকলা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও পেট্রোলিয়ামজাত পদার্থের খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় মোট ৭ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া ও তেতুলতলা বাজারে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়। এ সময় বাজারে আগত দুধ বিক্রেতাদের দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করা হয় এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
মনিটরিংকালে পাইকুড়া বাজারে এক দুধ বিক্রেতার ২ দশমিক ৫ লিটার দুধে পানিমিশ্রণ পাওয়া গেলে তা জব্দ করে উপস্থিত ৫ জন ভিক্ষুকের মাঝে প্রতি জনকে আধা লিটার করে বিতরণ করা হয়। এছাড়া তেতুলতলা বাজারে আরেক দুধ বিক্রেতার ১ লিটার দুধে প্রায় ২৫০ মিলিলিটার পানি মেশানোর প্রমাণ পাওয়া গেলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
পাশাপাশি তাকে উপস্থিত সবার সামনে নির্দেশনা দেওয়া হয়, যাতে ১ লিটার দুধের দামে ১ দশমিক ২৫ লিটার দুধ বিক্রি করে ক্রেতাদের ক্ষতিপূরণ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

