আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভূমি অধিকার রক্ষা নিয়ে উত্তপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সভা চলে।কনকসার বাজার সংলগ্ন কাউটিয়া চরলক্ষীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভার আয়োজন করা হয়।লৌহজং ভূমি অধিকার রক্ষা ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাজী খালেক মোড়ল এবং সঞ্চালনা করেন লোকমান শেখ।
এলাকাবাসী অভিযোগ করেন,তাদের বাপ-দাদার সম্পত্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।বক্তারা বলেন,তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ওই এলাকায় বসবাস করে আসছেন।হঠাৎ করে জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়ায় তারা হতবাক ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।তাদের দাবি,যথাযথ তদন্ত ও যাচাই-বাছাই ছাড়া এ ধরনের পদক্ষেপ অন্যায় ও অমানবিক।
এতে সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।প্রয়োজনে নিজেদের অধিকার রক্ষায় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বক্তারা।
সভায় মো:মাওলা মুন্সী,আল শামস মুন্সী ও মারিয়া আক্তার বক্তব্য রাখেন।এছাড়া মানু সরদার,আলমগীর,ফরহাদ শেখ ও আলি আহমেদও বক্তব্য দেন।অন্যান্যদের মধ্যে আল ইসলাম,ফারুক মোল্লা ও শহিদুল ইসলাম মোড়ল উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে জমি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

