আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ।
আজ ১১ এপ্রিল কুড়িগ্রাম জেলা
পুলিশের মিডিয়া সেলের দেয়া এ তথ্য নিশ্চিত করা হয়। তথ্যে জানানো হয়,গতকাল ১০ এপ্রিল রাত সাড়ে ৮ টার সময় উলিপুর হতে চিলমারী গামী একটি সিএনজি উলিপুর পৌর সভার মোহাম্মদের মোড় এলাকায় উলিপুর থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা করা দেখে উল্টো পথে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এবং পুলিশের উপস্থিতি দেখে সিএনজি চালক ও সিএনজির যাত্রীরা সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উলিপুর থানা পুলিশের চেকপোস্ট টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার উপস্থিতিতে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে পলিথিন দ্বারা মোড়ানো ০৭ টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৫,৫০,০০০/- টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর পৌরসভা মোহাম্মদের মোড়ে চেকপোস্ট পরিচালনা করার সময় দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় উলিপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং এর সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

