এ.টি.এম.হুমায়ুন কাদির
নান্দাইল উপজেলা প্রতিনিধি,
ময়মনসিংহের নান্দাইল উপজেলা-এর ৬নং রাজগাতী ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়া ভবনটি এখন প্রায় পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে সরকারি দাপ্তরিক কার্যক্রম, পাশাপাশি অরক্ষিত অবস্থায় পড়ে আছে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও সম্পদ।
সরেজমিনে দেখা যায়, অফিস ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। অনেক জায়গায় ইটের গাঁথুনি আলগা হয়ে গেছে। চারপাশ ঝোপঝাড়ে ভরে যাওয়ায় পরিবেশও হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। সামান্য বৃষ্টিতেই ছাদ চুঁইয়ে পানি পড়ে নষ্ট হচ্ছে মূল্যবান রেকর্ডপত্র। আধুনিক সুযোগ-সুবিধা তো দূরের কথা, সাধারণ মানুষের বসার মতো ন্যূনতম পরিবেশও নেই এই অফিসে।
জরাজীর্ণ এই ভবনে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
স্থানীয় এলাকাবাসী ও সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করে জানান, এমন বেহাল অবস্থার কারণে ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেবার মানও দিন দিন নিম্নমুখী হয়ে পড়ছে।
এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ রক্ষা এবং জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দ্রুত এই স্থানে একটি নতুন, আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
রাজগাতী ইউনিয়নের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং ভূমি অফিসের কার্যক্রম সচল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

