মোঃ কামরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২ টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি মো. হাবিবুর রহমান (৫১)। তিনি রায়গঞ্জ উপজেলার বাসিন্দা এবং রায়গঞ্জ বাজার এলাকায় একটি খাবারের দোকান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই (নিঃ) মো. এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট এবং লুঙ্গির ভাঁজ থেকে প্রায় ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে ঘটনাস্থলেই একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

