স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কথিত নেতা–পাতি নেতাদের দাপট বাড়ছে বলে অভিযোগ উঠেছে। নিয়মিত লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার পরিবর্তে তারা নিজেদের গাড়ি এবং পছন্দের লোকজনের গাড়ি নিয়ে আলাদা লাইনে ঢুকে জোরপূর্বক তেল সংগ্রহ করছেন।
এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।
একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু হঠাৎ কিছু প্রভাবশালী লোক এসে লাইনের নিয়ম ভেঙে তেল নিয়ে চলে যায়। প্রতিবাদ করলেও কোনো কাজ হয় না।”
ভুক্তভোগীরা আরও জানান, এ ধরনের অনিয়মের সময় পাম্পের কর্মচারী ও দায়িত্বশীল পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব ভূমিকা পালন করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জ্বালানি গ্রাহকরা , যাতে পাম্পে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষ ন্যায্যভাবে জ্বালানি সংগ্রহ করতে পারেন।

