শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক বিশেষ ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ (Medical Camp) আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। সুইডিশ সিডা (SIDA)-এর অর্থায়নে পরিচালিত IHSAN-II প্রকল্পের আওতায় ১৮ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলার হাসিমিয়া দাখিল মাদ্রাসায় এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। গতকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে আজ দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, গত দুই দিনে শাল্লা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো দুর্যোগ-পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা। বিশেষ করে দুর্গম হাওর এলাকার দরিদ্র মানুষ যারা অর্থাভাবে বা যাতায়াত সমস্যার কারণে সুচিকিৎসা পান না, তাদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।
ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে এই মহতী উদ্যোগে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছেন শরিফুল ইসলাম (অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার), হারুনুর রশিদ (হাইজিন প্রমোটার), প্রদীপ চন্দ্র রায়, কামরুজ্জামান, বিল্লাল হোসেন চৌধুরী ও আমির হোসেন (মেসেঞ্জার কাম নাইট গার্ড)।
ক্যাম্পে দায়িত্বরত চিকিৎসক ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাক্তার হুমায়রা হোসাইন মীম বলেন, “আমরা গত দুই দিন ধরে এই ক্যাম্পেইনে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন রোগীকে সেবা প্রদান করেছি। এর মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগ ও দাঁতের সমস্যাসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় এক নারী জানান, “হাওর এলাকায় ডাক্তার দেখানো অনেক কষ্টের। বাড়ির পাশে ফ্রিতে ডাক্তার ও ওষুধ পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।” ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তারা জানান, স্থানীয় মানুষের বিপুল সাড়া পাওয়া গেছে এবং আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, সুইডেন সরকারের সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পটি বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

