এ,টি,এম,হুমায়ুন কাদির
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বর্জ্য ফেলার কারণে কিশোরগঞ্জ–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম ও ডাংরী গ্রামের মাঝামাঝি এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। এতে ফসলি জমির ব্যাপক ক্ষতির পাশাপাশি চরম দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা-আবর্জনা ওই এলাকায় ফেলা হচ্ছে। এতে আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে বোরো ধান কাটার মৌসুম চলায় কৃষকদের ভোগান্তি আরও বেড়েছে। দুর্গন্ধে জমিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা।
এ ছাড়া, পৌরসভার বর্জ্যের পাশাপাশি কিছু হাঁসের খামারিরা পচা ডিম ও আবর্জনা একই স্থানে ফেলছেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকাজুড়ে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে ওই বর্জ্য পানিতে ভেসে পাশের বিল ও জমিতে ছড়িয়ে পড়ছে। এতে পানি দূষিত হয়ে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। স্থানীয়দের দাবি, এ কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
এদিকে, বর্জ্যের কারণে শিয়াল ও কুকুরের উৎপাত বেড়েছে। তারা মরা মুরগি, গরু ও ছাগলের নাড়িভুঁড়ি টেনে এনে বসতবাড়ির আশপাশে ফেলছে। এতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে এবং স্বাভাবিক বসবাস কঠিন হয়ে উঠেছে।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, জনবসতি ও ফসলি জমি থেকে দূরে কোনো পতিত জমিতে বর্জ্য স্থানান্তরের উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, “এই অবস্থায় আমরা আর থাকতে পারছি না। দুর্গন্ধে শ্বাস নেওয়া দায় হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

