নিজস্ব প্রতিনিধি মোঃ তপছিল হাছানঃ
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক মামুনকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট—এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সেবা প্রার্থীদের নির্ধারিত পদ্ধতিতে বাইরে আবেদন করে তা সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার নিকট জমা দেওয়ার কথা থাকলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন।
অভিযোগ রয়েছে, অফিস সহায়ক মামুনের মাধ্যমে আবেদন জমা না দিলে কোনো কার্যক্রমই এগোয় না। ফলে নায়েরগাঁওসহ আশপাশের তিনটি ইউনিয়নের সাধারণ মানুষ তার কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও উপাধি উত্তর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন একই ধরনের অনিয়মের অভিযোগে আলোচিত ছিলেন এই মামুন। সে সময় রেকর্ড জরিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিজের নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। যদিও তখন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন কামরুজ্জামান, তবে তার অনুপস্থিতির সুযোগে অফিসের অধিকাংশ কার্যক্রম মামুনের হাতেই পরিচালিত হতো।
বর্তমানেও নায়েরগাঁও ইউনিয়ন ভূমি অফিসে একই অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা জানান, আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে খতিয়ান সংশোধন পর্যন্ত প্রতিটি ধাপে মামুন সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট। প্রতি আবেদন বা খতিয়ানের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের ভাষায়,
“সরকারি সেবা নিতে এসে আমরা যেন এক ধরনের জিম্মিদশায় পড়েছি। টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না।”
এ বিষয়ে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে সাধারণ মানুষ হয়রানি ও দুর্নীতির শিকার না হয়।

