রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির বরকল উপজেলার ৪ নং ভুষনছড়া ইউনিয়নের এরাবুনিয়া এলাকার ৫ নং ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ২টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের বসতবাড়িতে চুরি সংঘটিত করে। এ সময় চোরেরা কাঠের আলমারি ও শোকেস ভেঙে ভেতরে থাকা নগদ ৪ লক্ষ ৪৮ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ২টি আংটি এবং ৮ আনা ২ রত্তি ওজনের একটি স্বর্ণের চেইন।
ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ ঘটনায় বরকল থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

