মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে শফিকুল ইসলাম (৪২)নামে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৫ এপ্রিল শনিবার সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় ভ্রাম্যমান তাকে আটক করে।এসময় দোষ স্বীকার করে পুনরায় মাটি না কাটার অঙ্গীকার করে ক্ষমা চাওয়ায় ভ্রাম্যমান আদালত লঘুদন্ড হিসেবে তাকে ঐ অর্থদন্ড প্রদান করে। চিংড়িঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম একই এলাকার মুজিবর রহমানের ছেলে।ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইন জানান, কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহারের সুযোগ নেই।শফিকুল ইসলাম নিজের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটলে আরো কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

