ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে নরসিংদীতে বেড়াতে গিয়ে মেঘনা নদীতে নামার পর নিখোঁজ হওয়া বি এফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহির শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, প্রায় অর্ধশতাধিক সহপাঠীর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। পরে তারা নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মাহির পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। ডুবুরি দলের লিডার মোতালেব হোসেনের নেতৃত্বে ইউসুফ, সম্রাট ও মাসুদ প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে নদী থেকে মাহিরের মরদেহ উদ্ধার করেন।
বি এফ শাহীন কলেজের পরিচয়পত্র অনুযায়ী, মাহির একাদশ বা দ্বাদশ শ্রেণির বাংলা ভার্সনের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার মিরপুর কাজীপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।
নরসিংদী ফায়ার সার্ভিসের লিডার মো. হানিফ জানান, দুপুরে খবর পাওয়া যায় নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে ডুবুরি দল এসে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করে।

