মাদারীপুর জেলা প্রতিনিধি. মোঃ আমজাদ হোসেন মিয়া।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শনের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। অনেক দোকানেই মূল্য তালিকার সাইনবোর্ড লুকিয়ে রাখা হচ্ছে, আবার কোথাও কোথাও সাইনবোর্ড থাকলেও তা দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি। ফলে ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য কেনার অধিকার মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, কাঁচাবাজার, চায়ের দোকান, সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের গায়ে লেখা নির্ধারিত মূল্য এবং সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, পাঁচ্চর বাজারে নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা প্রায় নিয়ন্ত্রণহীনভাবে অতিরিক্ত মূল্য আদায় করছেন। যদিও অতীতে কয়েক দফা ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে পারেনি। অভিযানের কয়েকদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায় বাজারের পরিস্থিতি।
একাধিক ক্রেতা জানান, “মূল্য তালিকা না থাকায় আমরা বুঝতেই পারি না কোন পণ্যের আসল দাম কত। দোকানদাররা নিজেদের ইচ্ছামতো দাম নিচ্ছেন। এতে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি।”
তাদের দাবি, প্রশাসন যদি সাধারণ ক্রেতা সেজে নিয়মিত অভিযান পরিচালনা করে এবং অনিয়মকারী ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে, তাহলে বাজার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে করে পাঁচ্চর বাজারে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।

