নিজস্ব প্রতিবেদক, মোঃ মোকলেছুর রহমান বাবু
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী বসুনিয়া ঈদের হাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। শুক্রবার (২২ মে) সকাল থেকে রাত পর্যন্ত হাটজুড়ে ছিল ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। বিভিন্ন এলাকা থেকে খামারি ও ব্যবসায়ীরা গরু, ছাগল ও ভেড়া নিয়ে হাটে আসেন।
হাট ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা তুলনামূলক বেশি। দেশীয় জাতের গরুর পাশাপাশি উন্নত জাতের পশুও বিক্রির জন্য উঠেছে হাটে। আগেভাগেই পছন্দের পশু কিনতে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
হাটে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাদের তৎপরতায় হাটের পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ ছিল বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।
এদিকে হাট ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা হট ইজড়াদার ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে ধন্যবাদ জানান সর্বক্ষণিক তদারকি করার জন্য । তবে গরুর হাটের জায়গা সংকটের কারণে কিছুটা ভোগান্তির কথাও জানান তারা। বিশেষ করে অতিরিক্ত পশু ও মানুষের উপস্থিতির কারণে চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ঈদ যত ঘনিয়ে আসবে, বসুনিয়া ঈদের হাটে বেচাকেনা ও মানুষের সমাগম আরও বাড়বে। তাই হাটের পরিসর বৃদ্ধি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

