আবু বকর সিদ্দিক – মুন্সীগঞ্জ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে ৩১০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।এব্যা গ্রুপ ও ডাচ ডেইরি লিমিটেডের উদ্যোগে এবং ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধার অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০টায় খলিলুর রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১০০টি গাছের চারা বিতরণ করা হয়।শিক্ষার্থীদের উৎসাহিত করতে একই সঙ্গে ৩১০০টি কেকও বিতরণ করা হয়।
আয়োজকদের ভাষ্য,শিশুদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ ডেইরির অ্যাকাউন্ট ম্যানেজার প্রদীপ দাস,সুপারভাইজার মো:সাইফুল ইসলাম,গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টু এবং বিদ্যালয়ের ফিজিশিয়ান জাকির হোসেন খান।এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ,নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার অঙ্গীকার করেন।

